গত রাতে গুলিবিদ্ধ হয়েছেন ‘গাল নেহি কাঁদনেই’ গান দিয়ে খ্যাতি অর্জনকারী পাঞ্জাবী গায়ক পারমিশ বার্মা। পাঞ্জাবের মোহালিতে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন খবর নিশ্চিত করেছে সেখানকার পুলিশ। তাদের তরফ থেকে এও বলা হয়েছে, পারমিশের উপর হামলাকারী কাউকে এখনো সনাক্ত করা যায়নি।
গতকাল রাতে মোহালির সেক্টর নং ৯১ হয়ে পারমিশ বাড়ি ফিরছিলেন, এমন সময় নাম না জানা কিছু ব্যক্তি তার উপর আক্রমণ চালায়। সেই সময় পারমিশের পায়ে একটি গুলি লেগে যায় বলে জানিয়েছেন মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ কুলদ্বীপ চাহাল।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে। এমন ঘটনার পর একটি মামলা করা হয়েছে, এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছেন।
পাঞ্জাবী এই গায়কের অনেক বিখ্যাত গান রয়েছে। এমনকি গতবছর তিনি পাঞ্জাবী একটি সিনেমা ‘রকি মেন্টাল’ অভিনয় করেন।







