গত বছরের ১৭ সেপ্টেম্বর পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে সেদিনই সফর বাতিল করে ফিরে যায় কিউইরা। আর্থিক ক্ষতির মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেজন্যই পিসিবিকে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ক্ষতিপূরণ পরিমাণ কত সেটি প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে খেলতে গেলে নিউজিল্যান্ড অতিরিক্ত ম্যাচ খেলতেও সম্মত হয়।
চলতি বছর অস্ট্রেলিয়ায় হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এর আগে পাকিস্তানকে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। বিষয়টি পাকিস্তান নীতিগতভাবে গ্রহণ করেছে। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নেবে বাংলাদেশ।
১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। সেই ২০০৩ সালে শেষবার সেখানে গিয়েছিল তারা। গত বছর রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে ও লাহোরে পাঁচ টি-টুয়েন্টির সিরিজ খেলার সূচি ছিল ল্যাথামদের।
তবে ম্যাচের দিন মাঠেই আসেননি খেলোয়াড়রা, হোটেল ছাড়েননি কেউ। অনুমতি থাকলেও মাঠে ঢুকতে দেয়া হয়নি দর্শকদের। পরে দুদেশের বোর্ড বিবৃতি দিয়ে জানায়, পুরো সফর বাতিলের কথা। কারণ হিসেবে এসেছিল নিরাপত্তাজনিত প্রসঙ্গ।
কিউই ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে সফর বাতিল করে বলেছিল, এছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না।







