পাকিস্তান দলের স্বার্থেই শহিদ আফ্রিদি, উমর আকমল ও আহমেদ শেহজাদকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন পিসিবির পরামর্শকরা। সর্বশেষ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের জন্য তোপের মুখে থাকা পাকিস্তানি এই তিন তারকা বিষয়ে এমনটাই বলেছেন জাতীয় দলের সাবেক পরামর্শক টিম।
পরামর্শকদের নাম উল্লেখ না করে নির্ভরযোগ্য সূত্রের বরাতে ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দলকে আবার শক্তিশালী অবস্থানে ফেরাতে এই তিনজন কোনো কাজেই আসবে না বলে জানিয়েছেন সাবেক পরামর্শকরা।
ওই সূত্র আরো জানায়, সাবেক পরামর্শকরা এই বিষয়টি পিসিবিকে খুবই গুরুত্বের সাথে দেখার কথা বলেছেন এবং নতুন পরামর্শকদের সাথে এই বিষয়ে মতামত শেয়ার করার আহবান জানিয়েছেন।
এছাড়া দলের ম্যানেজার ইন্তিখাব আলমের দেওয়া রিপোর্টও গুরুত্বের সাথে আমলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডকে।
বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লে এখনো অবসর বিষয়ে মুখ খোলেননি আফ্রিদি।
দলের অন্য দুই গুরুত্বপূর্ণ সদস্য শেহজাদ ও আকমল ব্যক্তিগত পারফর্মেন্সের বাইরেও বিভিন্ন কারণে দল থেকে একাধিকবার বাদ পড়েছেন। তবে এই দুজনকে সব সময়ই সমর্থন দিয়ে এসেছেন আফ্রিদি।
তবে শেহজাদ-আকমলকে দলের বাইরে রাখতে পারলেও পাকিস্তানের টি২০ ক্রিকেটের ব্র্যান্ড আফ্রিদিকে দল থেকে দূরে রাখাটা পিসিবির জন্য এক পরীক্ষা।







