পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের পিছু ছাড়ছে না বৃষ্টি। ইসলামাবাদে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে প্রথম দিনের খেলা। হয়নি টসও। বুধবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে।
প্রথম চার দিনের ম্যাচও মাঠে গড়ায় বৃষ্টির চোখ রাঙানিতে। তাতে অবশ্য সুবিধা হয়েছে সফরকারীদের। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখলেও বৃষ্টিতে বেশ কয়েকটি সেশন নষ্ট হওয়ার সুবাদে ড্র করে এনামুল হক বিজয়ের দল।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ ৪৩.৩ ওভারে গুটিয়ে যায়। ওমর আমিনের ১৭৭ রানে ভর করে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান ‘এ’।
বৃষ্টিতে তৃতীয় দিন বল মাঠে গড়ায়নি। চতুর্থ ও শেষদিনে আলোকস্বল্পতার কারণে খেলা একটু আগেভাগে বন্ধ হয়ে যায়। তার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ।







