পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণা করবে না যুক্তরাষ্ট্র। একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জন কিরবি। বরং তিনি বলেছেন, আমেরিকা পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল থেকেই সন্ত্রাস নির্মূল করতে চায়।
দুই প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতার নেতৃত্বে দু’টি দল যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ একটি নতুন আইন প্রস্তাব করেছিল। আইনটিতে পাকিস্তানকে ‘জঙ্গিবাদে অর্থদাতা রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করার কথা বলা হয়েছিল।
হোয়াইট হাউসের পক্ষ থেকে সম্প্রতি একটি অনলাইন পিটিশনও চালু হয়। তাতে পাকিস্তানে বিরুদ্ধে কয়েক লক্ষ ভোট জমা পড়ে। কিন্তু এ নিয়ে প্রশ্ন করলে কিরবি জানান, ‘ওই ধরণের কোনও বিল আনা হচ্ছে বলে জানি না।’ এ ধরণের কোনও বিল আনা হলেও, আমেরিকা কখনওই তা সমর্থন করবে না।’
তিনি বলেন, আমাদের বিশ্বাস পাকিস্তান নিজেই তার পরমাণু অস্ত্র সংরক্ষণ ও জঙ্গি দমনে সমর্থ। এছাড়া সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার পাকিস্তানের জনগণ ও শিশুরা।
কিবরি পরিস্কার করে বলেন, ‘পাক-ভারত সীমান্তে সন্ত্রাসমূলক কাজকর্ম নিয়ে অবশ্যই চিন্তিত আমেরিকা। সন্ত্রাসের মোকাবিলায় ভারত ও পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা।’
এর পাশাপাশই কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন তিনি। আলাপ–আলোচনার মাধ্যমেই ভারত এবং পাকিস্তানকে সমস্যা মিটিয়ে নিতে হবে।







