আন্তর্জাতিক ফুটবল বিরতির লাগোয়া ম্যাচ হওয়ায় মেসি-নেইমার ছিলেন না। পারেদেস’সহ আরও কয়েকজন নেই মূল একাদশের। কিন্তু এমবাপে ছিলেন, ছিলেন হের্রেরাও। ক্লেরমন্টকে ডেকে এনে গোল উৎসব করতে তাই সমস্যা হয়নি ফরাসি জায়ান্টদের।
ঘরের মাঠে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলেছে পিএসজি। লিগ ওয়ানে নতুন মৌসুমে টানা পাঁচ জয়ের দেখা পেলো পচেত্তিনোর শিষ্যরা।
ম্যাচের ২০ মিনিটে গোলবন্যার শুরু করে পিএসজি। লিড এনে দেন আন্দ্রে হের্রেরা। গোলটা আশরাফ হাকিমির হতে পারত। প্রতিপক্ষ গোলরক্ষক তার শটে দেয়াল হয়ে দাঁড়ালেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সুযোগ কাজে লাগান হের্রেরা।
স্প্যানিশ মিডফিল্ডার হের্রেরা ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বল নিয়ে অতিথি বক্সে ঢুকে পড়েছিলেন কাইলিয়ান এমবাপে, যদিও তিনি গোলে পূর্ণতা আনতে পারেননি এদফা।
এমবাপে সেই গোলের দেখা পান মধ্যবিরতির পর ফিরে। ম্যাচের ৫৫ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের বাড়িয়ে দেয়া বলে জাল খুঁজে নেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে গিয়ে চোটে পড়ার পর প্রথমবার মাঠে নামা বিশ্বকাপজয়ী তারকা।
ম্যাচের ৬৫ মিনিটে ইদ্রিসা গানা গুয়েই ৪-০ করে দিলে বড় জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির।
লিগ ওয়ানে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল পিএসজি। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে দুইয়ে অ্যাঙ্গার্স। তাদের সমান পয়েন্টে তিনে মার্শেই। ৮ পয়েন্টে টেবিলের চারে ক্লেরমন্ট।







