জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার মধ্যেই বৃহস্পতিবার (২৩ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের পৃথক পৃথক দলে বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেয়। সেখানে তারা তালমুদিক ধর্মীয় আচার পালন, গান গাওয়া, উচ্চস্বরে প্রার্থনা এবং পূর্ব দিকের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত বা এপিক প্রোস্ট্রেশন করেন।
এদিকে একই সময়ে আল আকসার প্রবেশপথ এবং জেরুজালেমের পুরোনো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এর ফলে অনেক ফিলিস্তিনির প্রবেশ সীমিত হয়ে যায়। ভোরের নামাজে অল্পসংখ্যক মুসল্লি অংশ নিতে পেরেছিলেন। পরে কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর ইসরায়েলি পুলিশের হামলার অভিযোগও করেছে জেরুজালেম গভর্নরেট।
ঐতিহাসিক স্ট্যাটাস কো ব্যবস্থার আওতায় ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে কেবল মুসলমানদেরই ইবাদতের অধিকার রয়েছে। তবে একই চত্বর ইহুদি ধর্মেও অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়। খ্রিষ্টপূর্ব ৭০ সালে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মরণে ইহুদিরা এ সময় ‘টিশা বি’আব’ পালন করে।







