জনপ্রিয় ভাওয়াইয়া ও পল্লিগীতি শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া আর নেই। মঙ্গলবার এই শিল্পী রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন…)।
চ্যানেল আই অনলাইনকে এই গুণী শিল্পীর মৃত্যুর খবরটি জানিয়েছেন তাঁর ছেলে ড. লনি।
বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন গোলাম আম্বিয়া। মৃত্যুর আগে কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিলো বলে জানান লনি।
১৯৪৮ সালে সিরাজগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন সৈয়দ গোলাম আম্বিয়া। তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপরেশন এ উপসচিপ হিসাবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা সংগীত মহাবিদ্যালয় হতে বি মিউজিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রি লাভ করেন।
ওস্তাদ বারীন মজুমদার এর কাছ থেকে উচ্চাঙ্গ সংগীত এবং আব্দুল আলিম এর কাছে পল্লিগীতি শিক্ষা গ্রহণ করেন। তিনি বেতার ও টেলিভিশন এর বিশেষ গ্রেড এর কণ্ঠ শিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। তিনি বিটিভি ও বাংলাদেশ বেতারে বহুদিন গানের বিচারক হিসেবেও নিয়োজিত ছিলেন। স্ত্রী সালেহা বেগম লিয়া বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর বিশেষ গ্রেডের রবীন্দ্র সংগীত শিল্পী। একমাত্র পুত্র ডা. সৈয়দ গোলাম তানভীর লনি বিটিভির তালিকা ভুক্ত ব্যান্ড সংগীত শিল্পী ও ভিডিও নির্মাণকারী।
পৃথিবীর অনেক দেশে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন সৈয়দ গোলাম আম্বিয়া। প্রখ্যাত এই শিল্পীর গাওয়া গানগুলোর মধ্যে রাসুল নামে কে এলো মদিনায়, পিতা গুরু মাতা গুরু/তুমি তাদের ভক্তি করো, খালি হাতে পুলসিরাত কেমনে হবি পার এবং আজি দুঃখের কথা ভাবি ইত্যাদি গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিলো।
রমজান মাসে ইফতারির আগে ও ঈদে মিলাদুন্নবির অনুষ্ঠান এ তার গাওয়া হাম্থ নাথ মানুষ কে মুগ্ধ করেছে। তিনি রূপসী বাংলা সংগীত একাডেমির সাধারণ সম্পাদক ছিলেন।







