সিলেটের কথিত দানবীর শিল্পপতি রাগীব আলীকে ভারতের করিমগঞ্জে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাগীব আলীকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
রাগীব আলীর আইনজীবী সিলেটের মূখ্য আদালতের নকল শাখাকে মৌখিকভাবে জানিয়েছেন, রাগীব আলী ভারতের করিমগঞ্জে গ্রেফতার হয়েছেন। সেখান থেকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে তাকে আদালতে হাজির করা হবে।
সুজ্ঞান চাকমা জানান, ভারতে করিমগঞ্জের ইমিগ্রেশনে বুধবার রাগিব আলী ভিসার মেয়াদ বাড়াতে যান। ভিসার মেয়াদ পার হওয়ার পরও গত ১০ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন মাস ভারতে থাকার কারণে করিমগঞ্জ ইমিগ্রেশনে গেলেই তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দু’হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরোয়ানা জারির দিনই গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তারা। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে সপরিবারে ভারত পালান রাগীব আলী। এরপর নিজের মালিকানাধীন সংবাদপত্র সিলেটের ডাক’র প্রকাশক ও সম্পাদক পদে থাকাকে অবৈধ দাবি করে দায়েরকৃত একটি মামলায়ও পিতা-পুত্রের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।
১০ আগস্ট পালিয়ে ভারত চলে যাওয়ার পর ১২ নভেম্বর আচমকা দেশে ফিরে আসেন রাগীবপুত্র আব্দুল হাই। জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে তাকে। তবে রাগীব আলী পলাতক ছিলেন।








