বিপিএল-১৫’র শুভ উদ্বোধন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বিপিএলের প্রথা অনুযায়ী বোর্ড প্রেসিডেন্টের উদ্বোধনের কথা থাকলেও অর্থমন্ত্রীর উপস্থিতে তাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান বিসিবি প্রেসিডেন্ট।
এর আগে, পাপন তার বক্তব্যে বাংলাদেশ ক্রিকেটের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ওডিআই ক্রিকেটে ভালো করছি। বিশ্ব ক্রিকেটের কাছ থেকে সমীহ আদায় করে নিতে সমর্থ হয়েছি। এখন এতটুকু বলতে পারি, কোন ক্রিকেট খেলুড়ে দেশই বাংলাদেশে এসে সহজ জয় নিয়ে ফিরে যেতে পারবে না।
তবে টি২০ ক্রিকেটের সঙ্গে অভ্যস্থ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করলেও অদৃশ্য কারণে টি২০ ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। ওয়ানডের মতো এখন আমাদের টি২০তেও ভালো করার চ্যালেঞ্জ রয়েছে।’
বিপিএল এক্ষেতে বড় ধরণের ভূমিকা রাখতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, এবারের আসরে ১৪০ জন বিদেশী খেলোয়াড় অংশ নিচ্ছে। আমি আশা করবো এদের সঙ্গে খেললে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।’
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, ‘আমি নির্বাচকদের প্রতি অনুরোধ করবো-এবারের আসরে যারা ভালো করবে তাদের থেকে অন্তত যেনো দু’জন খেলোয়াড়কে আসন্ন টি২০ বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়।’
এরপরই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবারের আসরের শুভ উবদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেটের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনের পর অংশগ্রহণকারী ছয় দলের অধিনায়ক মঞ্চে এসে দর্শকদের ভালো ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।






