দুজনই দুই ভুবনের মিস্টার পারফেকশেনিস্ট! একজন মাঠে, আরেকজন সিনেমা জগতের পর্দায়! তবে এবার প্রথমবারের মত একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই তারকাকে।
ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি আর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানকে নিয়ে জি টিভি দিওয়ালিতে একটা স্পেশাল এক চ্যাট শোয়ের আয়োজন করেছেন। যে শো’টি ১৫ অক্টোবর দুপুরে জি টিভিতে সম্প্রচার করা হবে।
আর চ্যাট শোয়ের মধ্য দিয়ে তাঁদের দুইজনেরই বেশ মজার কিছু কথা উঠে এসেছে। আসলে দুজনেরই সাফল্যের ফর্মুলাটা এক, পরিশ্রম আর পারফেকশান। ক্রিকেটের প্রতি আমিরের প্রেম সবার জানা কথা। ‘লগন’-এর পর আমিরকে তো বলিউডে ক্রিকেট প্রেমী অভিনেতা বলা হয়। বিশ্বকাপসহ নানা ক্রিকেট ম্যাচে মাঠে দেখা গিয়েছে আমিরকে। আবার কোহলিও বলিউড সিনেমার বড় ভক্ত। এদিকে গার্লফ্রেন্ড আনুশকা শর্মার প্রিয় নায়ক আমিরকে কোহলিও খুব পছন্দ করেন।
অনুষ্ঠানে কোহিলিকে তাঁর ভালোবাসা সম্পর্কে বলতে বললে তিনি বলেন, ‘আমি শুধু একজনের প্রেমেই পড়েছি। ‘নুশকি’ খুব সৎ আমার ব্যাপারে।’নুশকি’ শুনেই সবাই কিছুটা অবাক হলেও, বিরাট বলে, আনুশকা শর্মার ডাক নাম ‘নুশকি’। আমি তাকে এই নামেই ডাকতে পছন্দ করি।
এদিকে আমির খান নিজের সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’ প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত। ১৯ অক্টোবর এই ছবিটি মুক্তি পাবে। -ইন্ডিয়ান এক্সপ্রেস







