প্রথমবারের মত পর্দায় এক হচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান এবং আলিয়া ভাট। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে সেটি কোন সিনেমার জন্য না বরং একটি বিজ্ঞাপনের জন্য।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (২৯ মার্চ) মুম্বাইয়ের ফিল্মসিটিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
বিজ্ঞাপনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান, ‘হাস্যরসাত্মক কনসেপ্ট নিয়ে তৈরি হচ্ছে এই বিজ্ঞাপন। যেখানে আমির-আলিয়াকে খুবই চমৎকার দেখাচ্ছে। পাশাপাশি আমিরের সঙ্গে কাজ করতে পেরে আলিয়াও ভীষণ উচ্ছ্বসিত।’
আমির বর্তমানে ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। যেটি টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন। আগামী ১৪ এপ্রিল ছবিটির মুক্তির ঘোষণা এসেছে।
অন্যদিকে আলিয়া অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ ও ‘ট্রিপল আর’ সিনেমা বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। এছাড়াও তার ‘ব্রহ্মাস্ত্র’, ‘ডার্লিংস’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, জী লে জারা’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।







