বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে একটি পরিবর্তন এনে অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলামের জায়গায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ওমর ফারুককে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের অনুমোদন দেয় এনএসসি। অন্য চার নির্বাচন কমিশনার হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: ইকরামুল হক, এনএসসি’র পরিচালক মো. শুকুর আলী, আইন পরামর্শক ব্যারিস্টার ফাহিমুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭) অনুযায়ী আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই কমিশনকে। আদালতের পূর্ণাঙ্গ রায় না পেলেও অনুমতি সাপেক্ষে এজিএম ও ইজিএম সম্পন্ন করে ইতোমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।
গত রোববার ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়, খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলরশিপ চেয়ে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কাউন্সিলরশিপ মনোনীত করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নাম পাঠাতে বলা হয়েছে।
বোর্ডের বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ১৬ অক্টোবর আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত রুটিনমাফিক দায়িত্ব পালন করবে বিসিবির বর্তমান কমিটি। তবে অন্তবর্তীকালীলন সময়ে নীতি-নির্ধারণী কোনও সিদ্ধান্ত নিতে পারবে না তারা।








