আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি তাদের পরাজয় অনিবার্য ধরে নিয়েছে। তাই তারা নানা অভিযোগ করে ক্ষেত্র প্রস্তুত করছে।
সোমবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনের কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন: বিএনপি ধরেই নিয়েছে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। এজন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অভিযোগ করছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নানা অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় তিনি সিটি নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতেও নেতাকর্মীদের আহবান জানান।
গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির সমর্থিত মেয়র প্রার্থীদের প্রচারে সরকার বাধা দিচ্ছে, বিএনপির এমন অভিযোগকে তাদের নির্বাচনে ভরাডুবির সম্ভাব্য অজুহাত বলেও দাবি তার।
আলোচনা সভায় তারেক রহমানের পাসপোর্ট ইস্যুসহ নানা ইস্যুতে আলোচনা করেন আওয়ামী লীগ নেতারা।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ তার বক্তব্যে বলেছেন, তাকে রহমান বাংলাদেশের মানুষের জন্য অভিশপ্ত এক নাম। তার পাসপোর্ট বা নাগরিকত্ব থাকা না থাকা নিয়ে এখন আর দেশের মানুষ ভাবে না।








