ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। ভারতসহ পুরো বিশ্বের নজর বিরাট কোহলির দিকে। চার বছর আগে শেষবার অস্ট্রেলিয়ায় গিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ৪ টেস্টে চারটি শতরানসহ ৮৬.৫০ গড়ে করেছিলেন ৬৯২ রান। অনেকেরই ধারণা, এই সিরিজেও সর্বোচ্চ রানসংগ্রহক হবেন কোহলি।
যদিও এমনটা মনে করেন না রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক অধিনায়কের মতে, এই সিরিজে বিরাট নন, সর্বোচ্চ রানসংগ্রহকারী হবেন অজি ওপেনার উসমান খাজা।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাতকারে পিন্টিং বলেন, ‘উসমান এখন ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় তার রেকর্ডও দুর্দান্ত। ভারতীয় বোলারদের খুব সাবলীলভাবেই সামলাবেন তিনি। আমি মনে করি সে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রহকারী হবে এবং সিরিজ সেরার পুরস্কারটাও পাবে।’
পাশাপাশি সিরিজের ফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন পন্টিং। অস্ট্রেলিয়া দল এখন আগের থেকে অনেক দুর্বল। তাই অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের ধারণা, অস্ট্রেলিয়া থেকে এবার টেস্ট সিরিজ জিতে ফিরবে ভারত।
পন্টিং অবশ্য সেটা মনে করেন না। তার পূর্বাভাস, ২-১ ব্যবধানে এই সিরিজ জিতবে অস্ট্রেলিয়াই। পূর্বাভাস দিতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন ক্রিকেট ইতিহাসকে।
অস্ট্রেলিয়ায় ১১বার চেষ্টা করেও ভারত টেস্ট সিরিজ জেতেনি। দু’দলের মধ্যে অজিদের মাটিতে হওয়া ৪৪ টেস্টের মধ্যে মাত্র পাঁচটায় জিতেছে ভারত। এ কারণেই পন্টিংয়ের বাজি অস্ট্রেলিয়ার ওপরে।
গত গ্রীষ্মে অ্যাশেজ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন পন্টিং। যেটা খাপেখাপ মিলেছিল। পন্টারের ভবিষ্যদ্বাণী মতোই ইংল্যান্ডকে চার টেস্টে ৪-০তে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া।
পন্টিং কথা বলেছেন বোলারদের নিয়েও। বুমরাহ-ভুবেনেশ্বররা যতোই ভালো বল করুন না কেনো, তিনি এগিয়ে রাখছেন নিজ দেশের জশ হ্যাজেউডকে। তার সঙ্গে আছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। গত অ্যাশেজে ২১ উইকেট নিয়েছিলেন হ্যাজেলউড। তার চেয়ে এগিয়ে ছিলেন স্টার্ক (২২) ও কামিন্স (২৩)। ইংলিশদের মতো এই ত্রিফলার ঝড় সামলাতে হবে কোহলি-রোহিতদেরও।
পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী যদি সত্যি মিলে যায়, তাহলে ভারতীয় সমর্থকদের ঘুম ছুটতে বাধ্য!








