জাতীয় দলে খেলার কারণে সখ্যতা বেশ ভালো। দেশের জার্সির বোঝাপড়াটা আরও বাড়াতে ক্লাবেও নেইমারকে সতীর্থ হিসেবে চাইছেন আর্থার মেলো। পিএসজি তারকাকে বার্সেলোনায় পেতে রীতিমতো প্রার্থনায় বসেছেন আর্থার।
ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে গত মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। আর এই মৌসুমেই কাতালান জার্সি গায়ে তুলেছেন আর্থার।
বার্সা একাধিক খেলোয়াড় দলে নিলেও চারদিকে গুঞ্জন, প্যারিসে সুখে নেই নেইমার। তাকে দলে পেতে অনেকদিন ধরেই মরিয়া বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কিন্তু মিডিয়ার খবর- বার্নাব্যু নয়, ব্রাজিলিয়ান ফিরতে চান ন্যু ক্যাম্পেই।
নেইমারের জাতীয় দল সতীর্থের আশা, নেইমার একদিন ন্যু ক্যাম্পেই ফিরবেন। তার ভাষায়, ‘তার এখানে(বার্সায়) আসার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করছি। কারণ তিনি সুপারস্টার। এটা নির্দ্বিধায় বলা যায়। তবে এটাও ঠিক দলে আরও অনেক গ্রেট খেলোয়াড় আছেন।’
প্রার্থনা করার পাশাপাশি নেইমারকে বার্সায় ফেরাতে নিজের মতো করে চেষ্টা করছেন বলেও জানান ২২ বছরের আর্থার, ‘ব্যক্তিগতভাবে তাকে ফেরাতে আমি কাজ করছি। তবে তারও ব্যক্তিগত জীবন আছে। তিনি নিজেও জানেন, কী করা উচিত আর উচিত না। বার্সায় ফেরার কোনো বিকল্প আছে কিনা সেটাও জানেন। তবে সে আসলে পেশা এবং ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আমি খুশিই হবো।’
আর্থারের প্রার্থনার মধ্যেই নতুন খবর, নেইমারের জন্য রিলিজ ক্লজ নির্ধারণ করে দিয়েছে পিএসজি। স্প্যানিশ দৈনিক লে’কিপে জানাচ্ছে, বার্সার সাবেক তারকাকে পেতে চাইলে রিলিজি ক্লজ হিসেবে ১৬০ মিলিয়ন ইউরোত গুণতে হবে। তবে ২০২০’র আগে পাওয়া যাবে না তাকে।
ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও পিএসজি জার্সিতে নেইমার আছেন নেইমারের গতিতে। চলতি মৌসুমে প্যাসির সাঁ সাঁ’র হয়ে ১৮ ম্যাচে করে ফেলেছেন ১৬ গোল।







