ময়মনসিংহে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিকসহ আটজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ১০ জুলাই ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়, আহত হয় আরো অর্ধশতাধিক মানুষ। শহরের অতুল চক্রবর্তী সড়কে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় নূরানী জর্দার মালিক শামীম তালুকদার ও তার ছেলে হেদায়েতসহ ৮ জনকে আটক করে পুলিশ।
শনিবার সকালে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। একইসঙ্গে তাদেরকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। রোববার শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।







