আন্তর্জাতিক

স্প্যানিশ সরকারের নির্দেশ অনুসরণ করবে না কাতালোনিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ও একজন শিশু সাইকেল চালাচ্ছে, একটি দেয়ালে ‘FREEDOM FOR CATALONIA’ লেখা রয়েছে, আকাশে মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার দাবিতে অনড় স্পেনের কাতালোনিয়ার কর্মকর্তারা স্পেনের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করবে না বলে জানিয়েছেন কাতালোনিয়ার পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রাউল রোমেভা। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণে মাদ্রিদের প্রস্তুতির মুখে এ কথা জানিয়েছেন তিনি।

বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে রোমেভা বলেন, কেন্দ্রীয় সরকার কাতালানদের ইচ্ছা-বিরুদ্ধ কাজ করছে। মূল প্রশ্ন স্বাধীনতা নিয়ে নয়, বরং গণতন্ত্র নিয়ে।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেন। বলেন, স্প্যানিশ সংবিধানের ১৫৫ নং অনুচ্ছেদ প্রয়োগ করে কাতালোনিয়ায় সরাসরি শাসন আরোপ করবেন তিনি।

এর প্রতিক্রিয়ায় ‘কীভাবে ইউরোপীয় ইউনিয়ন এমন পরিস্থিতিতে টিকে থাকবে?’ এমন প্রশ্ন রাখেন রোমেভা। ‘কারণ আমি আপনাকে বলতে পারি, কাতালোনিয়ার জনগণ ও প্রতিষ্ঠানসমূহ নকখনোই এটা হতে দেবে না।’



মুখপাত্র রোমেভা ব্যাখ্যা দিয়ে বলেন, ‘বিষয়টা এমন নয় যে আমরা নির্দেশগুলো প্রত্যাখ্যান করব। এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এটা ৭০ লাখ মানুষের মিলিত সিদ্ধান্ত।’

কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবর স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটকে অবৈধ আখ্যায়িত করে স্পেন সরকার। এর জবাবে রোমেভা বলেন, স্প্যানিশ সরকারের এটা স্বীকার করে নেয়া প্রয়োজন, কাতালোনিয়ার জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে।

এর জবাব কী হবে তা ঠিক করতে বৃহস্পতিবার কাতালান পার্লামেন্টে বিশেষ আলোচনা অধিবেশন বসবে।

বিষয়:কাতালোনিয়া কাতালোনিয়ায় গণভোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…