ইংল্যান্ড ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশে আসার কথা। তার আগে এখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ
করতে বুধবার ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা
প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তিন দিনের এ সফরে ঢাকায় আসার পর তাদের সঙ্গে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান হাইকমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী ও আমাদের নিরাপত্তা দলের বৈঠকটি বেশ গুরুত্ব বহন করবে।’
ইসিবির নিরাপত্তা প্রতিনিধিরা সরকারের ওপরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে, সেটাও করিয়ে দেওয়া হবে বলে জানান জালাল ইউনুস। শুধু বাংলাদেশ নয়, নিরাপত্তা ইস্যুটি যে এখন সারা বিশ্বের, সেটাও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা।
ইসিবির নিরাপত্তা প্রতিনিধিদলের প্রতিবেদন দেখার পর বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসিবি।








