নিধাস ট্রফিতে হ্যালসলকেও পাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া নিধাস ট্রফিতে সহকারী কোচ রিচার্ড হ্যালসলকেও পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ছুটিতে থাকা এ জিম্বাবুইয়ান কোচ ছুটির মেয়াদ বাড়ানোয় শ্রীলঙ্কা সফরে থাকছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তবে কী কারণে ছুটির মেয়াদ বাড়িয়েছেন হ্যালসল সেটি নিশ্চিত করেননি বিসিবির প্রধান নির্বাহী।
নিধাস ট্রফিতে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে দলে যোগ দেবেন হ্যালসল।
চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কায় যোগদানের পর সবশেষ সিরিজে হেড কোচহীন হয়ে পড়ে জাতীয় দল। হেড কোচ ছাড়াই ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টুয়েন্টি সিরিজে খেলে টাইগাররা। এবার নিধাস কাপে ওয়ালশকে হেড কোচ হিসাবে পেলেও সহাকারী কোচকে পাচ্ছে না তারা।
ইএসপিএন-ক্রিকইনফোকে নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘হ্যালসল এই সফরে (নিধাস ট্রফি) আমাদের সঙ্গে থাকছেন না। তিনি ছুটিতে আছেন। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের জন্য ক্যাম্প করি তখন ক্যাম্পে যোগ দেবেন তিনি।’
২০১৪ সালে টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পান রিচার্ড হ্যালসল। ২০১৬ সালে তৎকালীন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সহকারী পদে পদোন্নতি দেয়া হয় তাকে।







