ঢাকার মঞ্চে দেশ নাটকের বহুল প্রশংসিত মঞ্চায়ন ‘নিত্যপূরাণ।’ সে নাটকের কেন্দ্রীয় চরিত্র একলব্য দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ১২ বছর পর আবার মঞ্চস্থ হতে যাচ্ছে ‘নিত্যপূরাণ।’ আবারও মঞ্চে ফিরছে মহাভারতের ‘একলব্য।’ তবে ‘একলব্য’ চরিত্রের অভিনেতা দিলীপ চক্রবর্তীর মৃত্যুতে নতুন ‘একলব্য’ অভিনেতা নিয়ে মঞ্চে ফিরছে নাটকটি।
শুরু থেকেই নাটকের ‘একলব্য’ চরিত্রে অভিনয় করেছেন অকাল প্রয়াত অভিনেতা দিলীপ চক্রবর্তী। নাট্যকার নির্দেশক মাসুম রেজা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নভেম্বর মঞ্চে আসবে নাটকটি। প্রতি পলে অনুভব করছি দিলীপকে। একলব্য চরিত্রে অনিবার্য ভাবে একজনকে প্রতিস্থাপন করতে হয়েছে। তার নাম এখনই বলতে চাইনা। সেও একলব্যে নিজেকে বিলীন করতে পারবে এই বিশ্বাস আছে।’
আগামী ৩০ অক্টোবর শিল্পকলা একাডেমিতে কারিগরি প্রদর্শনী হবে নাটকটির। নভেম্বরে মঞ্চায়িত হবে মাসুম রেজার রচনা ও নির্দেশনায় ‘নিত্যপূরাণ।’ ২০০১ সালের ১৪ জানুয়ারী প্রথম মঞ্চস্থ হয় নাটকটি। ২০০৫ সালে ৮৬ তম মঞ্চায়নের পরে আর মঞ্চস্থ হয়নি নাটকটি।











