কোটা আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট সহিংসতায় নিজ বাসা-বাড়ি বা আঙিনা/বারান্দায় গুলিতে নিহত প্রতিটি শিশুদের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার।
এসংক্রান্ত রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। আর রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।
আজ শুনানিতে কান্নায় ভেঙে পড়েন আইনজীবী তৈমুর আলম খন্দকার। তিনি আদালতকে বলেন, শিশুরা ঘরের ভেতর থেকে গুলিতে মারা গিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। রাষ্ট্রকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। এটা রাষ্ট্রের দায়। আমাদের সবারই সন্তান আছে। যে শিশু সন্তানেরা মারা গিয়েছে ক্ষতিপূরণ দিয়ে তা পূরণ করা সম্ভব না। তবুও কিছু ক্ষতিপূরণ দেয়া হোক।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা এই রিটে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি বা কমিশন গঠন করে শিশুদের মৃত্যুর কারণ উদঘাটন করে দায়ীদের জন্য শান্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে চাওয়া হয় ক্ষতিপূরণ।








