পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে নিয়ে কাজ শুরু করেছেন বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয় লিজেন্ড মনে করেন আগামী মাসের নিউজিল্যান্ড সিরিজে মোস্তাফিজই হবেন বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র।
ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে কাঁধে ইনজ্যুরি বাধিয়ে কয়েক মাস ‘ক্রিকেটের বাইরে’ মোস্তাফিজ।
বোলিং কোচের সঙ্গে তাই তার অনুশীলন ক্যাম্পটা শুরু হলো অন্যদের অনেক পড়ে।
আসছে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে কাটার মাস্টারকে। তাকে নিয়ে তাই নতুন ছক আকছেন লেজেন্ডারি বোলিং কোচ।
তিনি বলেন,‘মোস্তাফিজের কাঁধে এখনো কিছুটা ব্যথা আছে, তবে সেটা বড় কিছু নয়। ওর ওপর খুব বেশি প্রেসার দেয়া হচ্ছে না। প্রতিদিন ওর সুবিধা মতোই ও বোলিং প্রাকটিস করছে।’
প্রায় চার মাস ধরে ক্রিকেটের বাইরে থাকা মোস্তাফিজকে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের কতটা প্রয়োজন তা ভালো করেই বুঝতে পারছেন কোচ ওয়ালশ।
তিনি আরও বলেন: সে অবশ্যই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার বোলিং আমি দেখেছি। আমার দেখা দলের সেরা বোলার মোস্তাফিজ। আশা করছি নিউজিল্যান্ড সিরিজে সে ভালো করবে।
নিউজিল্যান্ড সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে আগামী মাসের ৯ ও ১০ তারিখে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ।








