ক্রিকেট

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে তিন লাফে র‍্যাঙ্কিংয়ের ৭’এ বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি জয়ের পর ক্রিকেটাররা উল্লাস করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন টি-টুয়েন্টি সংগ্রহ ৬০ রানে গুঁড়িয়ে দেয়ার পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। একেবারে তিন লাফে আইসিসি টেবিলের ১০ থেকে ৭-এ উঠে গেছে টিম টাইগার্স।

শুক্রবার পাঁচ টি-টুয়েন্টির সিরিজে দ্বিতীয় ম্যাচে নামবে টাইগাররা। বুধবার প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরেরদিন আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে মিলল উন্নতির খবর।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিউই সিরিজের ঠিক আগের ওই সাফল্য লাল-সবুজদের ছোট ফরম্যাটের ক্রিকেটে তুলে দেয় র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে।

অজিদের সিরিজে হারানোর পর বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ছিল ২৩৪। কিউইদের প্রথম ম্যাচে হারানোয় সেটি পৌঁছে গেছে ২৩৮ পয়েন্টে। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের উপরে অস্ট্রেলিয়া।

পাঁচে থাকা সাউথ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৬। আর চারে নিউজিল্যান্ড ২৬০ পয়েন্টে। এই ফরম্যাটের শীর্ষ দল ইংল্যান্ড, যাদের পাশে ২৭৮ পয়েন্ট।

বাংলাদেশ যদি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টিতে জিততে পারে, তাতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় যেমন নিশ্চিত হবে, সঙ্গে র‍্যাঙ্কিংয়েও মিলবে আরও লম্বা লাফ। উঠে যাবে অজিদের উপরে, র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, পয়েন্ট হবে ২৪৪।

অজিদের টপকে যাওয়া সম্ভব দ্বিতীয় ম্যাচে জিতলেই। আর তাদের তাসমান সাগরপাড়ের প্রতিবেশী কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে টাইগাররা উঠে যাবে র‍্যাঙ্কিংয়ের পাঁচে, রেটিং পয়েন্ট হবে ২৪৬।

যদি ৪-১ ব্যবধানে সিরিজ জিতে যায় বাংলাদেশ, তখন ছয়ে থাকবে, সাউথ আফ্রিকার চেয়ে ১ রেটিং পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা, রেটিং হবে ২৪৫। আর যদি ৩-২এ সিরিজ জিততে পারেন মাহমুদউল্লাহরা, তাতেও ১ রেটিং পয়েন্টে এগিয়ে অস্ট্রেলিয়ার উপরে ছয়েই থাকবে বাংলাদেশ।

বিষয়:নাসুম মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদী মোস্তাফিজুর রহমান ল্যাথাম সাইফউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…