শিশুশিল্পী পূজা চেরি রায় এবার চলচ্চিত্রের নায়িকা। ছবির নাম ‘নূর জাহান’। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন ঢাকার মেয়ে পূজা চেরি রায় আর কলকাতার অদ্রিত। এটি যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে রাজ চক্রবর্তী প্রোডাকশন। ভারতের বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী প্রযোজক হচ্ছেন। এটা তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি।
আজ শুক্রবার সকালে ‘নূর জাহান’ ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে। প্রযোজনা প্রতিষ্ঠানটির মতে, এটা ছবির ফার্স্ট লুক।
জানা গেছে, মারাঠি ছবি ‘সাইরাত’–এর রিমেক ভার্সন ‘নূর জাহান’। পরিচালনা করছেন ভারতের রাজের সহকারী অভিমন্যু মুখোপাধ্যায় আর বাংলাদেশের আব্দুল আজিজ। কাহিনি লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও ভারতের অভিমন্যু মুখোপাধ্যায়। ছবির ভারতের অংশের শুটিং শেষ। বাংলাদেশে ছবির শুটিং শুরু হবে আগামী ১১ জুলাই। মানিকগঞ্জ, কক্সবাজারসহ দেশের কয়েকটি স্থানে শুটিং হবে।
এদিকে ছবির পোস্টারে নিজেকে দেখে রোমাঞ্চিত পূজা। বললেন, ‘পোস্টারে নিজেকে নায়িকা হিসেবে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’
ছবির প্রযোজক রাজ চক্রবর্তী জানালেন, আগামী ঈদুল আজহায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।

‘নূর জাহান’ রোমান্টিক গল্পের ছবি। একটা ছেলে একটা মেয়ের জীবনে কতটা প্রভাব ফেলে আর একটা মেয়ে একটা ছেলের জীবনে কী পরিবর্তন নিয়ে আসতে পারে, তা–ই দেখা যাবে ছবিতে।
এদিকে সম্প্রতি ঘোষণা হয়, জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করবেন পূজা চেরি রায়। না, এই ছবিরে শুটিং এখনো শুরু হয়নি। একটু দেরি হবে।
পূজা চেরি রায় কিছুদিন আগেও শিশুশিল্পী হয়ে অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্র, নাটক আর চলচ্চিত্রে। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন; তবে শিশুশিল্পী নয়, এখন তিনিই নায়িকা।









