‘আলোর মিছিল’, ‘টাকা আনা পাই’, ‘শেষ পর্যন্ত’সহ আরও কত বিখ্যাত দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক-ববিতা জুটি। দু’জনের মধ্যে সম্পর্ক এতটাই সুন্দর, যে ববিতার মনে হয় তারা একই পরিবারের সদস্য।
নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে চ্যানেল আইয়ের কাছে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেন বাংলা চলচ্চিত্রের আরেক নক্ষত্র জনপ্রিয় অভিনেত্রী ববিতা।
আবদুর রহমানের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘অন্তরঙ্গ ববিতা’ নামের ওই অনুষ্ঠানে ববিতা স্মৃতিচারণ করেন নায়করাজের সঙ্গে তার অভিনীত অজস্র ছবির নানা ঘটনার।
ববিতা বলেন, নায়করাজ রাজ্জাকের সঙ্গে খুব ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। এই সুযোগ দেয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি ববিতা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র জগতে রাজ্জাক এক স্বতন্ত্র প্রতিষ্ঠান। তার কাজ নিয়ে সবসময় দিকনির্দেশনা দিতেন নায়করাজ।
রাজ্জাকের নিজস্ব প্রোডাকশন হাউজ ‘রাজলক্ষ্মী’র বেশিরভাগ ছবিতে অভিনয় করতে পেরেও ববিতা গর্বিত বলে চ্যানেল আইকে জানান।
সাক্ষাৎকার অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়েও আলোচনা করেন খ্যাতনামা নায়িকা ববিতা।









