নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
অনানুষ্ঠানিক সূত্র থেকে পাওয়া সবগুলো কেন্দ্রের (১৯২টি) ফলাফলে জানা গেছে, ডা. সেলিনা হায়াৎ আইভী ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘বিজয় হয়েছে নৌকার, বিজয় হয়েছে জনতার।’
২০১১ সালের ৫ মে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ নিয়ে তৃতীয়বার নির্বাচন হলো। প্রতিষ্ঠার পর ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপির দলীয় সিদ্ধান্তে ভোট থেকে সরে দাঁড়ান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তখন ভোট পড়েছিল ৭০ শতাংশ।
২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোটে আবার নির্বাচিত হন। সেবার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাখাওয়াত হোসেন। তিনি পান ৯৬ হাজার ৪৪ ভোট। ওই সময়ে ভোট পড়ে ৬২ শতাংশ।
পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। রোববার ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট নেওয়া হয় ১৯২টি কেন্দ্রে।







