প্রথমবারের মতো শুধুমাত্র নারী ক্রুদের দিয়ে পরিচালিত এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিশ্ব পরিভ্রমণ করেছে। গত সোমবার ওই ফ্লাইটটি ভারতের নয়াদিল্লী থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো যায়। পরে শুক্রবার সেখান আবার নয়াদিল্লীতে ফিরে আসে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বোয়িং ৭৭৭ বিমানটি পৃথিবী ঘোরার সময় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে এবং আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভারত ফিরে আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এই ঘটনা অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে।

ওই ফ্লাইটটি আকাশে ওঠা থেকে শুরু করে নিচে নামা পর্যন্ত যাত্রীদের সহায়তা, বিমানটির ইঞ্জিনিয়ার এবং উড্ডয়ন নিয়ন্ত্রণকারী এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সবাই ছিলেন নারী।
প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপনের অংশ হিসেবে সব নারীদের নিয়ে বিশ্বে এই ধরনের আরো ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
নারীরা বিমানে অন্য যাত্রীদের দ্বারা হয়রানির শিকার হন- এমন অভিযোগের পর নারীদের জন্য জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থার আসন বিক্রি শুরু করে এয়ার ইন্ডিয়া।








