নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় প্রধান আসামী নূর হোসেন ও র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, মেজর আরিফ, লেফটেনেন্ট কমান্ডার এম এম রানাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেনে আদালত।
আজ সোমবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামীদের হাজির করে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানি শেষে দুপুরে আদালত ৩৫জনকে আসামী করে অভিযোগ গঠন করেন। এ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয় আগামী ২৫ ফেব্রুয়ারি।
এর আগে সকাল সাড়ে নয়টায় সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি চাঁদাবাজির মামলায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাাজিষ্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়।
এসময় নূর হোসেনের আইনজীবীরা তিনটি চাঁদাবাজি মামলায় আসামীর জামিন চাইলে আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে দুইটি মামলা বিচারের জন্য জেলা ও দায়রা জজ কোর্ট আদালতে প্রেরণের নির্দেশ দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযুক্ত আসামীদের মধ্যে র্যাবের ৮ সদস্যসহ ১২জন পলাতক রয়েছে।







