নাজমুল হাসানকে নিজের পরিকল্পনা জানাবেন সাকিব

নাজমুল হাসান ও সাকিব আল হাসান একসঙ্গে দেখা যাচ্ছে, তারা হাসিমুখে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম থেকে: প্রতিটি সিরিজে সব সংস্করণে সাকিব আল হাসানকে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ এ অলরাউন্ডারের জাতীয় দলে খেলা নিয়ে দোলাচল থাকেই। মার্চে সাউথ আফ্রিকা সফরে সাকিব টেস্ট খেলবেন কিনা, সেটি যেমন এখনও নিশ্চিত নয়।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে সোমবার। ৫ মার্চ শেষ হবে টি-টুয়েন্টি সিরিজ। তারপর রয়েছে সাউথ আফ্রিকা সফর। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
আইপিএল খেলার জন্য টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব। কিন্তু ফ্র্যাঞ্চাইজি আসরটিতে তার দল না পাওয়ায় টেস্ট দলে থাকার সম্ভাবনা জেগেছে নতুন করে।
শুধু আসন্ন সিরিজই নয়, পুরো বছর নিয়েই সাকিবের ভাবনার কথা জানতে চায় বিসিবি। সেভাবেই হবে পরিকল্পনা। তাছাড়া কেন্দ্রীয় চুক্তির ব্যাপার আছে। সাকিব কোনো সংস্করণ খেলতে না চাইলে ওভাবেই বেতন কাঠামোতে আসবেন তিনি।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান, নাজমুল হাসানের সঙ্গে সাকিবের বৈঠক ওয়ানডে সিরিজের পর ঢাকায় ফিরে হবে। সরাসরি সাক্ষাত কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হতে পারে।
‘এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না সাকিব, দৃশ্যপট বদলেছে। সে বলেছে কালকে বা এই সিরিজ শেষে (ওয়ানডে সিরিজ) সভাপতি (নাজমুল হাসান) সাহেবের সঙ্গে বসবেন। বসে তার পরিকল্পনা জানাবে। এমনও হতে পারে তার কিছু সমস্যা (সব ফরম্যাট খেলার ব্যাপারে) থাকতে পারে। যদি মনে করে এই সংস্করণ আমি খেলতে চাচ্ছি কিন্তু কিছু ম্যাচ হয়তো মিস হবে। সবই ম্যাচ খেলবে কিনা এরকম বাধ্যবাধকতার কথা বলি না। তবে কেউ বলতে পারে যে টেস্ট এতগুলো আছে, আমি এরমধ্যে এতগুলা খেলতে চাই। সেভাবে আমরা তাকে বিবেচনা করব।’






