বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে অভিনয় ছাড়াও তার রূপ ও সৌন্দর্য দেখে কুপোকাত তার ভক্তরা। এছাড়াও নাচের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
কিন্তু এত শত প্রতিভা থাকা সত্ত্বেও এই অভিনেত্রীকে নিয়ে রয়েছে বেশকিছু বিতর্ক। যার ফলে প্রায়ই তাকে হতে হয় সংবাদের শিরোনাম। তারই প্রেক্ষিতে এবার ঐশ্বরিয়ার নামের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির নামকে জড়িয়ে সৃষ্টি হলো বিতর্ক।
আনন্দবাজারের সূত্র অনুসারে জানা গেছে, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নাকি ১০ কোটি টাকা দিয়েছিলেন ঐশ্বরিয়াকে। আর সে ঘটনাকে ঘিরে এখন চলছে নানা বিতর্ক।
মূলত ২০০৮ সালে আসিফ আলি জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে পারর্ফম করার জন্যই ওই টাকা দিয়েছিলেন। সেসময় এমন দাবি করেছিলেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ।
ওই ‘ঘটনা’র সময় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শো করতেন মাসুদ। ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি, ওই চ্যাট শোয়ে এ কথা বলেছেন তিনি।
যদিও বিষয়টির সত্যতা সম্পর্কে পর্যাপ্ত কোন প্রমাণ দিতে পারেননি তিনি। তবে ঘটনা সত্য কিংবা মিথ্যার যেটাই হোক তাতে ব্যথিত হয়েছিলেন ঐশ্বরিয়া।







