হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর নর্থ কোরিয়াকে শায়েস্তা করতে তার একমাত্র মিত্র চীনের সাহায্য চেয়েছে সাউথ কোরিয়া। বুধবার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই সিউলে বলেছেন, নর্থ কোরিয়া সীমান্তে প্রতিনিয়ত ঠান্ডা যুদ্ধ ঘরানার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই যেকোনো ধরনের যুদ্ধ এড়াতে নর্থ কোরিয়ার উপর আরো কড়া বাণিজ্যিক অবরোধ আরোপে চীনের প্রতি আহ্বান জানান পার্ক।
যুক্তরাষ্ট্রসহ সাউথ কোরিয়া ও তার অন্যান্য মিত্ররা নর্থ কোরিয়াকে শায়েস্তা করতে কঠিন বাণিজ্যিক অবরোধ আরোপ করেছে। বেইজিংয়ের দিক থেকে একইরকম প্রতিক্রিয়ার আশা করছে সিউল।
গত সপ্তাহে একটি উচ্চমাত্রার হাইড্রোজেন বোমা পরীক্ষা করার দাবি করে নর্থ কোরিয়া। তবে ওই বোমার ধ্বংস ক্ষমতার ব্যাপারে নিরপেক্ষভাবে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল নর্থ কোরিয়ার উপর জরুরি ভিত্তিতে নতুন করে অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন। চলতি অবরোধ এবং নতুন করে যদি কোনো শাস্তি নর্থ কোরিয়ার উপর চাপানো হয়, তাহলে চীনও যেন তা শক্তভাবে সমর্থন করে সে আশা করছে সাউথ কোরিয়া।
এক সংবাদ সম্মেলনে পার্ক জিউন হাই বলেন, নর্থ কোরিয়ার নীতি পরিবর্তনের জন্য আমরা যথাসম্ভব অবরোধসহ অন্যান্য বল প্রয়োগ করবো। কিন্তু এ জন্য চীনের সাহায্য খুবই জরুরি। কারণ চীনের সাহায্য ছাড়া নর্থের উপর আরোপিত শাস্তি বাস্তবায়ন করা খুবই কঠিন। প্রকারান্তরে অসম্ভব।






