বছরের প্রথমদিন সাপ্তাহিক ছুটির মধ্যেই সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে বই উৎসব। শুক্রবার সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আলাদা আরেকটি অনুষ্ঠানে সকাল ১০টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও ইবতেদায়ীর শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।
শিক্ষামন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, জাতির প্রতি দায়িত্ব ও কর্তব্যের অংশ হিসেবেই বিনামূল্যে সারাদেশে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছি আমরা। এতে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এ পর্যন্ত ১’শ ৯০ কোটি বই বিনামূল্যে বিতরণ করে সরকার সারা বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে। বিশ্বের যে কোনো দেশেই এমন ঘটনা বিরল। এর মাধ্যমে এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও পাকিস্তান থেকে বাংলাদেশে এগিয়ে গেছে।
এবছর পাঠ্যপুস্তক দিবসে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।






