ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে কেউ যেন আর ছিনিমিনি খেলতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদে সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, একে একে পুরনোরা চলে গেলেও নতুনদের দায়িত্ব নিতে হবে দেশকে সঠিকপথে এগিয়ে নেয়ার।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়েছে জাতীয় সংসদে।
প্রাদেশিক পরিষদের সদস্য হিসাবে যাত্রা শুরু করে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যুক্তি আর ব্যতিক্রমী উপস্থাপন কৌশল দিয়ে যে সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদকে প্রাণবন্ত করে রাখতেন সেই সংসদেই তাকে নিয়ে দীর্ঘ আলোচনা। যিনি গত বৃহস্পতিবারও আলোচনায় অংশ নিয়েছিলেন সংসদে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পাটি ও সংসদে বিরোধীদল জাতীয় পার্টির সদস্যরা ছাড়াও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
তারা বলেন, একজন রাজনীতিবিদ এবং দক্ষ পার্লামেন্টারিয়ান হিসাবে অনুকরণীয় হয়ে থাকবেন সুরঞ্জিত সেনগুপ্ত ।
আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আর মাত্র ছয় জন প্রাদেশিক পরিষদের সদস্য টিকে থাকলেন এই সংসদে।
সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। সংসদ নেতার আলোচনার পর শোক প্রস্তাব গৃহিত হয় জাতীয় সংসদে ।







