বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। এছাড়াও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে আবদুল মতিন ভুঞাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার থেকে শুরু হয়ে চলে রোববার পর্যন্ত। জয়া সেনগুপ্তের পক্ষে তার ছেলে সৌমেন সেনগুপ্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত ৫ ফেব্রুয়ারি দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আগামী ৩০ মার্চ ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচন:
গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তার মৃত্যুতে সেখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৬ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।







