ক্রিকেট

দ্রাবিড়ের পর ‘ন্যাশনাল একাডেমির পরিচালক’ দায়িত্বে লক্ষ্মণ

লক্ষ্মণ ক্রিকেট মাঠে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে দুইজন ক্রিকেটার আলোচনা করছেন, একজন বল হাতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভি ভি এস লক্ষ্মণ। ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ! ভারতীয় ক্রিকেটের স্পেশাল সাবেক ব্যাটার এবার আগামীর মেধাবীদের পরিচর্যার দায়িত্বে। বেঙ্গালুরুতে দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিচালক পদে বসছেন ৪৭ বছর বয়সী তারকা।

রাহুল দ্রাবিড় ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিচালকের দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়। তার কাজ, কৌশল, পরিকল্পনা, প্রতিভা অন্বেষণ-পরিচর্যা পথরেখা অন্যমাত্রায় নিয়ে গেছে দেশটির ক্রিকেটকে। বহুল প্রশংসিত দ্য ওয়াল এখন ভারতের কোচ। তার রেখে যাওয়া ফাঁকা চেয়ারটিতে বসছেন এক সময়ের সতীর্থ লক্ষ্মণ।

ভারতের সোনালী একটা দলের নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। শচীন-শেবাগ, হরভজন-যুবরাজ, জহির-কাইফদের সঙ্গে যাদের কারণে একটা দুর্দান্ত দল হয়ে উঠেছিল, যে ভিত্তিতে দাঁড়িয়ে আজকের আগুয়ান টিম ইন্ডিয়া, সেই দলে সৌরভের ভরসার একজন ছিলেন লক্ষণ। সৌরভ এখন বিসিসিআই সভাপতি।

সৌরভের সাথে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কাজ করেছেন লক্ষ্মণ। ব্যাটিং কনসালটেন্ট ছিলেন। সৌরভ তখন সিএবির জয়েন্ট সেক্রেটারি। সেই তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকার সময়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের বড় কোনো দায়িত্ব আসলেন তার সাবেক সতীর্থ।

২০১৩ সাল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করছিলেন লক্ষ্মণ। সেটিও ছাড়তে হচ্ছে এবার।

বিসিসিআই যদিও লক্ষ্মণের নিয়োগ-চুক্তির ব্যাপারে এখনও কোনো টার্মস-কন্ডিশন খোলাসা করেনি। ইএসপিএন জানাচ্ছে- মধ্য ডিসেম্বর থেকে নতুন দায়িত্বে বসতে চলেছেন সাবেক ডানহাতি ব্যাটার।

ন্যাশনাল একাডেমির দায়িত্বে থেকে লক্ষ্মণকে ভারতের ছেলে ও মেয়েদের সিনিয়র-জুনিয়র দলের জন্য রোডম্যাপ তৈরি করতে হবে, সাফল্যের পথরেখা বাতলে দিতে হবে। ভারত এ-দল ও অনূর্ধ্ব-১৯ দল গঠনে নির্বাচকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মিলিত হতে হবে। সঙ্গে ছেলে-মেয়েদের উভয় দলের জন্যই কোচিংস্টাফ নিয়োগের ভারও তার উপরই থাকবে।

বিষয়:দ্রাবিড় বিসিসিআই ভারত লক্ষ্মণ সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…