ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। দলটির কোচ মরিনহো বলছেন, তারা কখনো এই অবস্থান উদযাপন করেন না।
লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ১-০ গোলে হেরেছিল প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।
মরিনহো বলেন, ‘আমরা দ্বিতীয় অবস্থান উদযাপন পছন্দ করি না। কয়েক মাস আগেও আমরা ভাবতাম প্রিমিয়ার লিগ জেতা অসম্ভব। এখন সেটা সম্ভব মনে হয়।’
‘শীর্ষ চার গুরুত্বপূর্ণ। কিন্তু চতুর্থ হওয়ার চেয়ে দ্বিতীয় হওয়া ভালো।’ বলেন মরিনহো।
৩৭ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। আগেই লিগ শিরোপা ঘরে তোলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯৭।
৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।
লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার চতুর্থ টিকেটের জন্য লড়াই চলছে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসির।








