শ্রীলংকা থেকে: ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ জয় করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে বল হাতে সফল অফ-স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, নিজের সাফল্যের ধারাবাহিকতা রাখতে চান তিনি।
প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে ধসিয়ে দেয়ার পরদিন ছুটির মেজাজেই ছিলো বাংলাদেশ দল। শ্রীলংকা সফরে প্রথমবারের মতো তাই ক্রিকেট থেকে একটু দূরেই ছিলো টিম টাইগার্স। হোটেলে হালকা মেজাজে সময় পার। তাদের একজন অক্টোবরে ইংল্যান্ডের সঙ্গে টেস্টের পর ওয়ানডে অভিষেকেও চমক দেখানো অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। নিজের পারফরম্যান্স নিয়ে খুশি এই তরুণ।
মিরাজ প্রথম ম্যাচে দ্বিতীয় ওভার থেকেই আক্রমণে আসেন। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে দুই উইকেট নেন। এর মধ্যে অর্ধশতক তুলে বিপজ্জনক হয়ে ওঠা চান্দিমালের উইকেটও ছিল।
মিরাজ জানালেন, জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারার লক্ষ্য তাদের।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে ভালো পারফরম্যান্সের জন্য সিনিয়রদের অনুপ্রেরণাকেও কৃতিত্ব দিয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক।
বিস্তারিত দেখুন ভিডিওতে:










