দেশে এখন মুক্তচিন্তা প্রকাশের সংকট চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে বলেন বিএনপির সংকট চলছে, আসলে দেশে সত্য কথা বলতে না পারার সংকট চলছে।
গাজীপুরের মেয়র অধ্যাপক এমএ মান্নানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, অনেক নেতা কর্মীর বিরুদ্ধেই মিথ্যা মামলা আর গ্রেফতার করা হচ্ছে। বিএনপি নেতারা বলেন, শুধু বিএনপিকে নয় বাধা দেয়া হচ্ছে স্বাধীন মতপ্রকাশেও।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনিয়ন পরিষদ নির্বাচন সর্ম্পকে বলেন, কারচুপি হবে জেনেও জনগণের সঙ্গে থাকতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে তার দল।
এর আগে সকালে নয়াপল্টনে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর ২১ ফেব্রুয়ারির আলোচনা সভা।







