ঘরে-বাইরে সব ফরম্যাটে দানবীয় রূপই ধারণ করে অস্ট্রেলিয়া। যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ তারা। দুই দশকের বিরতি দিয়ে তাদেরই মাঠে নেমে ৯ উইকেটের বড় টেস্ট জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয় যেমন বাংলাদেশের জন্য সুখকর, ততটাই তিক্ত অজিদের জন্য। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নদের থেকে আরও বেশি আশা অজি সমর্থকদের।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স জানেন ডারউইন টেস্টে পরফর্ম করতে পারেনি তার দল। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ম্যাচের আগেরদিন কামিন্স ঘুরে দাঁড়ানোর পরিকল্পনার কথা বলেছেন।
কামিন্স বলেছেন, ‘অনেকেই হুট করে বলে ফেলেন যে, সবকিছুই জিততে হবে। অবশ্যই, আমরাও সেটাই আশা করি। বিশেষ করে ঘরের মাঠের টেস্ট ম্যাচগুলোতে। এখানে যতবেশি সম্ভব জেতা আমাদের জন্য গর্বের। কিন্তু আমরা সেরা ফর্মের ধারে কাছেও ছিলাম না।’
ডারউইনে সাড়ে তিন দিনেই দাপটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। সমতায় ফেরানো অজিদের একমাত্র লক্ষ্য।










