দেশের সকল কল-কারখানায় আগামী দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পাশাপাশি এই আদেশ বাস্তবায়ন করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান।
এর আগে ব্রেস্ট ফিডিং রুম ও বেবি কেয়ার কর্নার স্থাপনে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ২৪ অক্টোবর জনস্বার্থে হাইকোর্টে রিট করেন ৯ মাস বয়সী শিশু উমাইর বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
এরপর সে রিটের শুনানি নিয়ে গত ২৭ অক্টোবর হাইকোর্ট- কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিং মলের মতো জনসমাগমস্থলে এবং সরকারনিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সে রুলের জবাব দিতে বলা হয়।
তবে এরপর আবার রিটকারী আইনজীবী দেশের সকল কারখানায় ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে আদালত আজ আদেশ দিলেন।







