প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই শিয়া সম্প্রদায়ের ওপর হামলা করেছে। তবে ২টি বোমা মেরে বা ৫টি ডিম ফাটিয়ে বাংলাদেশের উন্নয়ন প্রকল্প রোধ করা যাবেনা।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা জশলদিয়া পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার দিন হোসেনী দালানে বোমা হামলার সমালোচনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের মানুষের জীবনে নদীর গুরুত্ব ও পানি ব্যবহারে সচেতনার দিকটিও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি সবুজ ও নদী মাতৃক দেশ। পানির উৎসগুলো নষ্ট না করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে দেশের অন্যান্য উন্নয়ন কাজ করতে হবে।
পানি ব্যবহারের বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো স্থাপনা তৈরির সময় প্রথমেই খাল ভরাটের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। স্থাপনা তৈরির সময় খেয়াল রাখতে হবে ভূগর্ভস্থ পানির পরিমাণ যেনো ঠিক থাকে। না হলে ভূমিকম্প হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
পানির অপচয় বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পানি ব্যবহারের আগে চিন্তা করতে হবে আমি অনেক টাকা দিয়ে পানি শোধন করি। তাই যতোটুকু পানি ব্যবহার করবেন তাই বিল দিবেন। মিটার কমিয়ে রেখে কম বিল দেয়ার চেষ্টা করবেন না।
শুধু নদী ড্রেনেজ করলেই হবেনা। বর্জ্য যেনো নদীতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নদীতে ড্রেনেজ সিস্টেমের জন্য কতোগুলো শোধনাগার প্রয়োজন তা চিহ্নিত করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।






