গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস আবারও আয়োজন করেছেন দেশি–বিদেশি শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’। এমটিভির কোক স্টুডিওর আদলে মনে হলেও এই অনুষ্ঠানে রয়েছে নিজস্বতা। এখানে গান করছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। আর তাদের সঙ্গে বাদ্যযন্ত্রে সঙ্গত করছেন বিদেশি শিল্পীরা।
এবার ‘উইন্ড অব চেঞ্জ’ আয়োজন গান করবেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সেলিম চৌধুরীসহ আরও অনেকে। থাকছেন ২০ জন বিদেশি বাদ্যযন্ত্রশিল্পী। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের চেলো বাদক আট ইউম মেনিকিয়ান ও ড্রামার টনি পার্কার, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনা ভাইভ, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, ভায়োলিন বাদক এনা রাকিতা ও বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, সেতার বাদক ভারতের পূর্বায়ন চ্যাটার্জি ও গিটারিস্ট সঞ্জয় দাস।
পুরো ব্যাপারটির নেতৃত্ব দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। তিনি জানান, এর আগের দুটি মৌসুম ছিল ‘প্রি-সিজন’। এবার ‘সিজন ১’।
গান বাংলার চেয়ারপারসন ও ‘উইন্ড অব চেঞ্জ’ আয়োজনের ক্রিয়েটিভ ডিরেক্টর ফারজানা মুন্নী জানান, এবার ঈদে গান বাংলার দর্শকদের দারুণ কিছু গান উপহার দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। আর এখন অনুষ্ঠানটির শুটিং হচ্ছে বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) ৯ নম্বর ফ্লোরে।

ছবি : সংগৃহীত








