দূষণের ভয়াবহতায় দিল্লির বৈঠকে গেলেন না সোনিয়া গান্ধী!

ভারতের রাজধানী দিল্লির অত্যধিক দূষণ এখন বিশ্বজুড়েই আলোচিত। দিল্লির অধিকাংশ অংশেই দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্য মাত্রার চেয়েও ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে। আর এমন চরম দূষণের মধ্যে বাসভবনের পাশেই দলের বৈঠকে যোগ দিতে যাননি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী (৬৯)। যদিও দলের মুখপাত্র এর জন্য তার শারীরিক অসুস্থতাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন।
দিল্লিতে দূষণের ভয়াবহতায় খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার পর্যন্ত স্কুলও বন্ধ ঘোষণা করেছেন তিনি। আবহাওয়া পরিস্থিতি সহনীয় না হওয়া পর্যন্ত সকল ধরণের নির্মাণ কাজও বন্ধ রাখতে বলেছেন।
আবহাওয়ার এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আজ সকালে বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নীতিনির্ধারণী পর্ষদ ‘কংগ্রেস ওয়ার্কিং কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতিত্ব করার কথা ছিলো ১৯৯৮ সাল থেকেই দলটির নেতৃত্বে থাকা সোনিয়া গান্ধীর। বাসভবন থেকে সামান্য দূরের বৈঠকস্থলে তাকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও ছিলো অপেক্ষায়। কিন্তু তিনি বের না হওয়ারই সিদ্ধান্ত নেন।
দলটির মুখপাত্র রান্দিপ সুর্যওয়ালা অবশ্য এজন্য সোনিয়া গান্ধীর অসুস্থতাকেই কারণ বলেছেন। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানায়, আবহাওয়ার এমন পরিস্থিতিতে ডাক্তার তাকে বাসায় থাকার পরামর্শ দেন।
সোনিয়া গান্ধীর অনুপস্থিতিতে এই বৈঠকে সভাপতিত্ব করেন তার পুত্র এবং ডেপুটি রাহুল গান্ধি। খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর প্রদেশ এবং পাঞ্জাবে দলের কৌশল নির্ধারনে আলোচনা হয় বৈঠকে।



