কয়েকদিন আগেই লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুর কন্যা দূর্বা জাহান সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, “আমার চারপাশে মৃত্যু, মন খারাপ করা ঘটনা, হতাশা সব যখন আসে- আমি ভাবি আজ হয়ত সব ঠিক হয়ে যাবে।…”
মাদকবিরোধী অভিযানে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর মো. একরামুল হককে বলা তার মেয়ের শেষ কথাটিও শেয়ার করেছিলেন ফেসবুকে -“আব্বু তুমি কান্না করতেছো যে।” দূর্বা যখন প্রচণ্ড আবেগ নিয়ে এগুলো লিখছিলেন, তখন কি ভেবেছিলেন তার বাবাও শিকার হতে যাচ্ছেন ওইরকম একটি ঘটনার?
আজ সোমবার সন্ধ্যায় দূর্বা জাহানের বাবা লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ‘আজ হয়ত সব ঠিক হয়ে যাবে’- বলে দূর্বা জাহানের সেই প্রত্যাশার সাথে কি নির্মম পরিহাস!
বাবার মৃত্যুর খবর দূর্বা জাহান ফেসবুকে জানান, “আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেনো দুইটা গুলি করে মেরে ফেলেছে।”
সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের পশ্চিম কাঁঠালদি এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
লেখালেখির কারণে শাহজাহান বাচ্চুকে ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সময় হুমকি প্রদান করে বলে জানিয়েছেন তার স্বজনরা। তবে ঠিক কী কারণে, কারা তাকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ।
দূর্বা জাহান জানান, ইফতারের আগে তার বাবা কাঁঠালদির এক দোকানে বসে ছিলেন। ঘাতকরা দুটি মোটর সাইকেলে এসে কাছ থেকে বুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ইছাপুরা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শাহজাহান বাচ্চু মুন্সিগঞ্জে অনিয়িমতভাবে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন। এছাড়া ঢাকায় তার একটি প্রকাশনা সংস্থাও ছিল।

চার দিন আগে ৭ জুন দুর্বা জাহান তার ফেসবুকে ‘টুডে হেজ বিন ওকে’ শিরোনামের একটি গান শেয়ার করে লিখেছিলেন,
“আমার চারপাশে মৃত্যু, মন খারাপ করা ঘটনা, হতাশা সব যখন আসে আমি ভাবি আজ হয়ত সব ঠিক হয়ে যাবে। এই হয়তো শব্দটা আমাকে আরেকটা দিন চালিয়ে নেয়! চারপাশে অনেক বাজে ঘটনা ঘটে যাচ্ছে ভালো আছি কি খারাপ আছি তার ও বাইরে একটা যে গল্প থাকে এইটা সেই গান।”
আইসল্যান্ডের গায়িকা ও গীতিকার এমিলিয়ানা তোরিনির ‘টুডে হেজ বিন ওকে’ গানের গল্পটিও প্রিয়জনকে হারানোর বেদনার সাথে একজনের মানিয়ে নেওয়ার চেষ্টার।

কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর ২ জুন ফেসবুকে অপর স্ট্যাটাসটি দিয়েছিলেন দূর্বা জাহান।









