দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টুয়েন্টি টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরেই রুমানা আহমেদ নেমে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে। মোহামেডানের হয়ে প্রথম ম্যাচেই করলেন দুর্দান্ত সেঞ্চুরি। সিটি ক্লাবের বিপক্ষে তার ১০০ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংসে সাদা-কালোদের সংগ্রহ পেরিয়েছে আড়াইশ।
রুমানা দুবাই থেকে ফেরেন সোমবার রাতে। আমন্ত্রণমূলক আসরে ব্যাটে-বলে প্রত্যাশা মেটান এ অলরাউন্ডার। তার দল বার্মি আর্মি হয় রানার্সআপ। ফেরার দুদিন পর বিকেএসপিতে মোহামেডান নিজেদের প্রথম ম্যাচেই পায় রুমানাকে। নেমেই সিটি ক্লাবের বোলারদের তুলোধুনো করেন মিডলঅর্ডার ব্যাটার। ১৮টি চার ও ২টি ছক্কা আসে তার উইলো থেকে।
৯০ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষের ১০ বলে যোগ করেন আরও ২৮ রান। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে মোহামেডান। দুই মৌসুম পর বুধবার শুরু হয়েছে মেয়েদের প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার এবারের আসরে প্রথম সেঞ্চুরি এলো রুমানার ব্যাটে।
অভিমানে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেয়া শায়লা শারমিন ২ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই খেলেছেন ৪৭ রানের ইনিংস। ৩০ রান আসে সোহেলীর ব্যাট থেকে।








