সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে বরখাস্ত ও পলাতক মেজর জিয়ার প্রধান সহযোগী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ দাবি করেছে এ জঙ্গি নেতা প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় সরাসরি অংশ নিয়েছিলো।
গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
আনসারুল্লাহ বাংলা টিমে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম নামে পরিচিত চট্টগ্রাম পাহাড়তলী কলেজের বিবিএ’র ছাত্র এ সংগঠনটির ‘আইটি টিমে’র প্রধান হিসেবেও কাজ করছিলো বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, চট্টগ্রাম নিউমার্কেট জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে আমিনুল নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তার হাতধরেই জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সে। এরপর ২০১৩ সাল থেকে পলাতক মেজর জিয়ার সঙ্গে কাজ শুরু করেন।
চট্টগ্রাম অঞ্চলে তার বিচরণ হলেও সংগঠনের বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে খায়রুল ঢাকায় অাসেন বলে পুলিশকে জানিয়েছে।
২০১১ সালে সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে বরখাস্ত হন সৈয়দ মো. জিয়াউল হক। তারপর থেকেই তিনি পলাতক। পুলিশের দাবি মেজর জিয়া বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা।
রাজধানীর আজিজ সুপার মার্কেটে গত বছরের ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
এর দুই মাস আগে ওই বছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে।







