পরিণীতি চোপড়া কখনো গান শিখেছেন? হ্যাঁ, এই বলিউড তারকার শাস্ত্রীয় সঙ্গীতের প্রথাগত শিক্ষা রয়েছে। শিক্ষকের কাছে দীর্ঘদিন তিনি গান শিখেছেন। কিন্তু এক সময় সুযোগ পান চলচ্চিত্রে অভিনয়ের। রাতারাতি তারকা বনে যান। শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা আর চর্চা পেছনেই থেকে যায়। এই সময় গানটা তিনি গেয়েছেন শুধু নিজের জন্য, কিংবা পরিচিতজনেরাই শুনেছে।
এবার নিজের সঙ্গীত প্রতিভা সবাইকে দেখানোর সুযোগ পেলেন পরিণীতি। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে গান গেয়েছেন। ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটির মিউজিক ভিডিও আজ মঙ্গলবার ইউটিউবে এসেছে। দারুণ গেয়েছেন তিনি! গানের কথা লিখেছেন কাউসার মুনির, সুর দিয়েছেন শচীন-জিগর।
অবমুক্ত হওয়ার পর গানটি প্রায় সাড়ে তিন লাখবার দেখা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পরিণীতির গানের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
এর আগে গান গেয়ে প্রশংসা পেয়েছেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। এবার বোনের দেখানো পথে পা রেখেছেন তিনি। শুধু এই দুই বোনই নয়, হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহাও অভিনয়ের পাশাপাশি গান গেয়েছেন।
১২ মে মুক্তি পাবে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিটি। এখানে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া ও আয়ুষ্মান খুড়ানা। টাইমস অব ইন্ডিয়া।
পরিণীতি চোপড়ার গাওয়া গানের মিউজিক ভিডিও :








