অভিনয়ের প্রশংসা করে উপহার দেওয়ার প্রথা প্রচলিত আছে বলিউডে। হৃতিক রোশন তার ‘কাবিল’ ছবির সহ-শিল্পী রোহিত রায়কে ভালো অভিনয়ের পুরস্কার হিসাবে ঘড়ি উপহার দিয়েছেন। তাও কোনো সাধারণ ঘড়ি নয়, দামী ঘড়ি ‘প্যানেরাই লুমিনর’ উপহার দিয়েছেন রোহিত রায়কে।
২০ বছরের বলিউড ক্যারিয়ারে প্রথম খল চরিত্রে অভিনয় করেছেন রোহিত। আর প্রথম অভিনয়েই পেয়েছেন প্রশংসা। উপহার পাওয়ার পর রোহিত বলেন, ‘ভালো কাজের জন্য প্রশংসা পেতে ভালো লাগে। আর তা যদি হয় সেরা কারও কাছ থেকে, তাহলে আরও বেশি ভালো লাগে।’
‘কাবিল’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। প্রথম একসঙ্গে ছবির জন্য জুটি বেঁধেছেন হৃতিক-ইয়ামি। ‘কাবিল’ ছবিতে হৃতিক এবং ইয়ামি দুজনই দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করেছেন। এ বছর ২৬ জানুয়ারি মুক্তি পায় ‘কাবিল’ ছবিটি। মিড-ডে।










