দশম জাতীয় সংসদের ২৩তম বা শেষ অধিবেশন শুরু হবে ২১ অক্টোবর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২১ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর শেষ হয় এই সংসদের ২২তম অধিবেশন। ওই অধিবেশন শুরুর দিনই কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের পরবর্তী অধিবেশনের সূচি ঠিক করা হয়।
নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটি বৈঠক করে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করবে।
২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে বর্তমান সরকারের মেয়াদ। ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
সে হিসেবে জরুরি কোনো প্রয়োজন না পড়লে আগামী সংসদ অধিবেশনই চলতি সংসদের শেষ অধিবেশন হতে পারে।








